Tuesday, January 20, 2015

এই বসন্ত আর সেই পর্যায় / নীলাব্জ চক্রবর্তী



বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
ছায়ার প্রকোপ থেকে ছাড়িয়ে আনলে বেতের শরীর
দু’ধারি অর্থ দিয়ে মন্থিত হলে আর কেলাসিত হল নিরাবেগ
এই তো বিপর্যয় বাকীটুকু বোরিং পৃথিবী
বাকীটুকু সূঁচের ফুটোয় স্মৃতি পারাপার
ঝড়ের মধ্যিখানে ঝড়ের আওতা থেকে দূরে
রেখে দেয়া চিবুকের নিবিষ্টতাটুকু
করেছিল চিকচিক দূরে ও
চোখের ছাউনি জুড়ে জল ছিল
নাকী বালি আঘাত জানেনি
আঘাতের শূন্যতা থেকে শূন্যতার ভেলোসিটি থেকে
খুব পালিয়ে যাচ্ছিল বেহালার ছড় --- সব্যসাচী সান্যাল


হ্যাঁ সব্যদা। যা বলছিলাম। তো এই ছায়ার প্রকোপ আর বেত বেতস ভাবি। কথা হোলো, প্রকোপটা ক্যামোন রাগী রাগী আর অসুখী টাইপ লাগছে দেখি। আর নিরাবেগ কেলাসিত হচ্ছে দেখে হেভি লাগলো। ফ্রিজের ভেতর ঢুকে যাচ্ছে নিরাবেগ একটি খুব শরৎকাল লিখেছিলাম মনে পড়লো। তুমি গুলমোহর... রিপিট হচ্ছে প্রায় কখনো পড়োনি। সে যা হোক, এখানে যে নিরাবেগ কেলাসিত হচ্ছে মন্থনই তার কারণ ভাবছি। কিন্তু আমার যা যা হয় হতে থাকে তা হোলো এই যে মন্থিততে আটকে যাই আমি। মন্থর হয়ে যাই। ক্যানো ভালো লাগছে না? বরং বাকীটুকু। বাকীটুকু সূঁচের ফুটোয় স্মৃতি পারাপার আমায় সেই চিবুকের নিবিষ্টতা এনে দিচ্ছে টের পাই। একটু একটু মনে পড়তে থাকে চিরকালীন বলে একটা বাড়ি হয় আর কারা যেন কোথায় সেই থুতনির স্থাপত্য বসায় ইত্যাদি। এমনকি সূঁচের ফুটোয় একটু ফুটে যাওয়ার কথা মনেও এলোনা প্রথমে। নাকি এলো? পরে? ফুটো হলেও সূঁচের পাশে বসতে একটু আহা উহু ইঞ্জেকশনের স্মৃতি পারাপার করছে দেখি। নাকি ব্লাড টেস্টের? আমার আবার ব্লাড গ্রুপ এ পজিটিভ। ভ্যানোপ্রসাদের বি পজিটিভ বলে সে একটু মন খারাপ করে দেখেছি। আচ্ছা সে কথা থাক এখন। নাকী বালি আঘাত জানেনিতে উঁকি দিই একটু। ওরে না না! কতো কিছু দেখতে পাচ্ছি। কথাটা হোলো আমি এখন ঠিক কী দেখতে চাইছি? ক্যালাইডোস্কোপ না আয়না? ঠিক কী দেখতে ভালো লাগবে আমার এখন? ডি এস এস আই (ডায়নামিক সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন?)-এর ওপরে একটা ছোট্ট ক্লাস করতে গেছিলাম কিছুদিন আগে একবার। কংক্রিটের রাস্তা দিয়ে দৌড়লে আমরা তাড়াতাড়ি ক্লান্ত হব, নাকি একই ভেলোসিটি নিয়ে বালির ওপর দিয়ে দৌড়লে? কোনও স্ট্রাকচারাল মডেলের সাপোর্ট ফিক্সড বা পিনড না হয়ে যদি স্প্রিং হয় তবে ক্যামোন? ওর সাপোর্ট রিঅ্যাকশনগুলো (ভাবো একটা বাড়ির কলাম বা পিলারের লোডগুলোর কথা) বাড়বে না কমবে? ওই স্প্রিংগুলো যদি সফটার বা হার্ডার করা হয় আস্তে আস্তে তাহলেই বা কি হওয়া উচিত থিওরিটিক্যালি? এইসব নিয়ে নানারকম হচ্ছিলো আর লিখতে শুরু করেছিলাম

একটা চৌম্বকক্ষেত্র
যা কখনো ছিলোই না
অথচ           বালির ওপর দিয়ে
তার জন্য
ভাষার গলি উপগলি ছিঁড়ে
বারবার ফিরে
পতনশীল বস্তুর সূত্রাবলী আসছে
আর একটা নীল         গিরি হচ্ছে কোথাও
স্থিরচিত্রের জন্য
নির্ধারিত প্রোজেকশন
ওইখানে ফিকে হয়ে আসে
আমাদের বাকি থেকে যাওয়া সইসাবুদ

লক্ষ করুন
পুরনো একটা ঠাণ্ডা আলোর ক্ষেত থেকে
ফের ঝুঁকে আসে
খুব ফেলে যাওয়া সাদা পেন্ডুলাম
তবুও
সফট স্প্রিং বলতে        কিছুতেই
নরম বসন্ত              মনে পড়বে না আপনার...

এখন এই বসন্ত আর সেই পর্যায় নিয়ে আরেকদিন। কীভাবে এর সাথে একটা ছবি এলো নষ্ট হয়ে যাওয়া সময় এলো কোটেশন এলো আর সব মিলিয়ে অংশ হয়ে গ্যালো একটা দীর্ঘ লেখার সেটা আরেক কাহানি। কিন্তু আপাতত বলি, এখন এই পুরো কাহানি উঠে এলো শুধু ওই নাকী বালি আঘাত জানেনিটুকু থেকে! ভাবো কাণ্ড। তবে এরপর লেখাটায় আসল মজাটা হোলো আঘাতের শূন্যতা থেকে শূন্যতার ভেলোসিটি থেকে... ওহ... একটা বায়ুশূন্য স্থান... আঘাতের শূন্যতা... একটা মাস পার্টিকলের এস্কেপ ভেলসিটি... জিও ওস্তাদ... আর আঘাতের শূন্যতা থেকে শূন্যতার ভেলোসিটি থেকে খুব পালিয়ে যাচ্ছিল বেহালার ছড় নিয়ে আর কী লিখবো বলো? একে তো আমি এই খুব শব্দটার ব্যবহার তোমার কাছ থেকে শিখেইছি এইভাবে আর তার ওপর আমার কাছে এই পুরো কবিতাটা একদম খাড়া টানটান মার্চপাস্ট চাও বা নাচাও দাঁড়িয়ে আছে এই শেষদুটো লাইনের ওপর ভরে নির্ভরে। শুধু দূর থেকে সেই দেখাও বেহালা কাঠের গাছগুলি একঝলক দেখতে পেলাম... এখন বসন্তপর্যায় থেকে জুলাইয়ের ছুটির গুণ আর কতোদূরেই বা। বলো...

একটা Hmm-এর ভেতরে অ্যাতোকিছু হিজিবিজি চিন্তাজট ছিলো তাহলে... Hmm...


(কৃতজ্ঞতা – স্বদেশ সেন, সব্যসাচী সান্যাল)

Thursday, January 15, 2015

বসন্ত কিছু আরো



বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
ওদিকে তো ক্রিস্টাল হিম সেটল করছে কাশগড়ে
চিনিবাগে   উইঘুর বাজার থেকে থৈ থৈ করছে  আহত
খচ্চর সামোভার হান কেরানীর বুটে অভ্যস্ত ফাটল

যেমন হত্যার কাছে এসে নিসংশয় হয় শিল্প
তেমনই নিভৃতি ঘাড়ে ফুলে ফলে অন্তরীন হলে
একটা বিকেল গড়িয়ে নিয়ে যাচ্ছে
রেশম রূটের ওপর উড়ছে তোমার সুতির শার্ট

যেন গাজন থেকে কার্তিকের মিথগুলো গুজ্জর
অধ্যুষিত পাহাড়ে নামল
শেষবার গ্রীকসেনা এখানেই দেখেছিল আগুনের
ছায়া আর রেশম ঘাঘরায়  দৃঢ় ও সংবদ্ধ  নিতম্বশ্রেণী

বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
ছায়ার প্রকোপ থেকে ছাড়িয়ে আনলে বেতের শরীর
দু’ধারি অর্থ দিয়ে মন্থিত হলে   আর   কেলাসিত হল নিরাবেগ
এই তো বিপর্যয় বাকীটুকু বোরিং পৃথিবী

বাকীটুকু সূঁচের ফুটোয় স্মৃতি পারাপার
ঝড়ের মধ্যিখানে ঝড়ের আওতা থেকে দূরে
রেখে দেয়া চিবুকের নিবিষ্টতাটুকু
করেছিল চিকচিক দূরে ও

চোখের ছাউনি জুড়ে  জল ছিল
নাকী বালি-- আঘাত জানেনি
আঘাতের শূন্যতা থেকে   শূন্যতার ভেলোসিটি থেকে
খুব পালিয়ে যাচ্ছিল বেহালার ছড়

বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
নিখিল কে নিহিল করলে সন্দেহে  সন্দেহে

হয়ত দেখার ভুল তবুও দেখতে
পাই নিহিল বিশ্বেও  জল পড়ে পাতা নড়ে
ফুল ফোটে চাঁদ ওঠে  বিশেষ্য ক্রিয়াশীল হয়

গতির নিয়মের বিপরীতে গিয়ে
কিছুটা তো প্রামাণ্য পায়

আর তুমি স্ক্যান্ডাল নীল জলে স্নান করে
পরিচ্ছন্ন  হয়ে ওঠ
শিস দিতে দিতে ম্যাটারনিটি ওয়ার্ড
পার হও   চাবি খুলে ঢুকে যাও লাভ হোটেলে


বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
বস্তুবাদে আক্রান্ত হয়েও কেমন বস্তু থেকে ক্ষমা
চেয়ে  নিষ্ক্রান্ত হলে 
ওবেসিটি ক্লিনিকের কুড়াদানি স্নেহ থেকে
এথিক্যাল ক্লিয়ারেন্সের নখড়া
টপকে  তাকে কোলাজিনেস দিলে স্টেম সেল
যত্নে তুললে কালচার ডিশে  মানে বরণ করলে    যাকে বলে
তেল ও সিন্দুর সহ দূর্বা ও চন্দনে
মিডিয়াম থেকে ছুটে যাচ্ছে সিগন্যাল
রিসেপ্টরের দিকে

কোষের নিজেরই এক এথিক্যাল প্রশ্নপত্রে
সায় দিতে ধরাশায় দিতে...

Monday, December 1, 2014

বসন্তপর্যায় (আরো)



বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
রুদ্ধ করে দিলে আর শ্বাস করে
দিলে  আর আমরা আমাদের সবুজ ছায়া সমেত
কাঠের চেয়ারে একটু উদগ্র 
ঝুঁকে
টেবিলে সম্পর্ক রাখা
আর সম্পর্ক বড় হতে হতে

গিলে ফেলছে আমাদের
পকেটে হাত  রেসকোর্সে  নিজাম প্যালেসে
শিসে আর অগোচরে  উগরে দিচ্ছে
হাতঘড়ি বাউটি এমন কী আমাদের
প্রচুর পার্থক্যগুলো
সিনট্যাক্সের জটিলতাগুলো

ওয়ার্ডপ্রসেসর থেকে একটা
জানলা খুলে ভোর হচ্ছে
একটা খুব আলোমত কার্সার
ডেকে উঠছে মোরগের বদলে

এমনকী লঘুতা থেকে
গুরু হতে যাচ্ছে বসন্ত
ঘুম এসে ফিরে গেল তবু

করলে না ভালো 

বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
একটা কমলা পারা ডাক
দিলে      জলে ও বিন্যাসে
ধবধবে বিছানায়              লাল অন্ধকার
আয়ত পর্ণমোচী আর      নিমেষের মত ঝরে পড়া

করলে না ভালো তুমি চেয়ে তো
দেখলে না নিসর্গে অতীতে যেটুকু ছিল না
অস্বীকারে ঠিক রয়ে গেছে

অবসর থেকে মুখ ফেরা        নেমে গেলে
চিড়িকপতিংগা
আঙ্গুলের খুরাফাত থেকে   ভেজা
বিস্তার থেকে জরা

থেকে চর্চা ও ছই
থেকে নদীর কাঠামো
থেকে পিস্তল শানিয়ে
নেমে গেলে...


বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
মোমের ভেতর তুমি গালার ধারণা নিয়ে
অভিজ্ঞান হলে    নাখুন নাড়লে
একটা হলুদ লোকগানে ঝাঁপ দিয়ে
অস্পষ্ট হলে  অথচ শীতকাল চলে এল আর
ভাস্কর হল না  তিনমাস   তন্দ্রায় কেটে
গেল নিজের ছায়ার সাথে করমর্দনে
কেটে গেল 
একটা সংস্থাপন থেকে অন্য আচরণে
নতি গেঁথে চলে গেল 
ভালো লাগিল না ভালে  কেবল
কপাল থেকে এক বিন্দু
জ্বালা করে ওঠে

বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
মস্তক থেকে নীচু উঠে গেলে রোদ ও প্রখর
জ্বর এল ৯৯.৫ অব্দি নব ঘুরল আর ঘুরল না
সড়াইলা কুকুরের মত স্রেফ জেদে জেদে বিলুপ্ত

হলে এমন কী বিতরণ ব্যবস্থাও আর ভ্যালিড
থাকল না জলে সমতলে পাহাড়ে প্রাকীরে
ক্রাইসিস থেকে অদম্য শিস দিল আর বলতে কী
আমার কবিতাও বড় নিরুজ্বল কিছুটা অনচ্ছ

বড় জোর তম্বুরা বড় জোর ঠেকা
এর বেশী প্রকৃতিও জানে অরণ্য থেকে
থেকে শহরে চারিয়ে যাওয়ার ঝানুতর মেমে
বাকী থাকে গিমা শাক বাকী থাকে ক্যাসারোলে

গতরাতরুটি আর কিছুটা নির্লিপ্তি যা
সকালেরই ঠিক সকালেই বেড়ে চেড়ে ওঠা

বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
সাদা ভাতে খয়রা মাছের ঝোলে ডুব
দিলে একটা অনিচ্ছায় মাছেরই মতন
সাঁতারে বেড়ালে  ঘুলঘুলি ফাঁক করে ফুটল কুসুম
কুসুম ডিম আর বেড়ালের অনিশ্চয়টুকু

যেটুকু পার্থিব আর মিস্টার পারেখ মিসেস পারেখ
আর বেহালার ছড়ে রজনের বাস
থেকে  দাম্পত্যদানি থেকে
সলিউশানের দিকে  বিভাজন রেখে

কিছুটা শান্তি তবে রেখেছিলে রিজার্ভ
ফরেস্টে ছুঁয়ে ছুঁয়ে দেখেছিলে বনের
নীবার ধান আর অঘ্রাণের ডাল থেকে
উড়াল দিচ্ছে  চৈত্রের মত পেটিকোট


বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
অথচ বাগানের কান ঘেষে  উড়ে গেল বেলুন
মেডিক্লেম ছুঁড়ে দিয়ে গেল
কিছুটা হেলান ছুঁড়ে দিল
সটান চেয়ারে

মোমের মানুষ আর তার
মোমের আঙুল  ঘষা কাচ আর 
এক অস্পষ্ট চন্দ্রোদয় ৭টা ২২শে
তরঙ্গ এল            কিছুটাতো ধরা পড়ে

মেলাতে মেলানোতে   রেডিও স্টেশন
থেকে কুকুর ডাকছে, হাড্ডি ডাকছে
এমন কী কামড় থেকেও

একটা প্রভূত ডাক ওঁত পেতে ছিল
আউটডেটেড স্তনে  আর একটা
অথচ নিয়ে  আশা ছিল  সংবেদ ছিল
তবু করলে না ভালো

বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
একটা এলিট কাঠামোয় ঢুকে গেলে
ঘুরে ফিরে অপারগ হলে আর কাঁঠাল খেলে না
আর চেনা রাত্তিরে মাধবীবিতানে ককটেল পার্টিতে

গানও গাইলে-- আয় বনফুল ডাকিছে মলয়
অ্যান্ড বিকজ মলয় ওয়াজ হাংরি   বনফুল থেকে প্রাদেশিক
শুয়োর দাবনা বাড়িয়ে দিল হ্যাম ও বেকন খেনু
সসেজ সালামি খেনু   অল্প একটু মিন্ট সেজ অরিগ্যানো সিজনিং

সহ  আর কাঁঠাল হল না এমন কী সঘন জ্যৈষ্ঠে
পোঁদপচা ভাপে  গুরুগুরু গগনে গরজে
আমার তো হল না রে ভালো 

বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
ভালো করে দিলে
অথচ কে
তবু কে

কিন্তু পরন্ত ইত্যাদি প্রভৃতি
সবাই কে ভালো করে দিলে
এমন কী পর্দার রড থেকে
ঝুলে পড়া ফাঁস তাকেও তো সম্প্রীতি

দিলে কিছুটা কারুণ্যে রক্ত কে
চোয়াল বাড়িয়ে দিলে
বিশ্ব ফিশ্ব থেকে মাধবীলতার দল
শিরদাঁড়া বরাবর ওঠে

গ্রন্থি বা সাপোর্ট ছাড়াই  
কাঁটাহীন লতানো বাগানে
আমার কবিতাকে অব্যবহার দিয়ে
প্রচূর দাগিয়ে দিলে

সাদা পাতা নুনে ভরে দিলে

Tuesday, November 25, 2014

নীলাব্জ চক্রবর্তী-র আমিলেখা



১

জানলার অর্ধেক নিয়ে
না-ফিরে আসছে
আমাদের মেহগিনি রোদ ও পশমবিলাস
পাতা-আছে নেই
পাতায়-গুটি-গুটি-কর্পোরেট-ধরেছে নেই
হ্যালো
এখানে একটা স্মাইলি বসবে নাতো
ও জানলায় ট্রান্সফার                      আছে
মোমের-সেগুন-থেকে-খুলে-যাওয়া-রিপিটেশন-ছিলো
আছে
তবু লেখার পাতায় ট্রেন এলো
গুলমোহর এলো আবার
ট্রেনের পাল্লা থেকে খুলে এলো
জানলার দূর


২

আমাতে কি ক্রিয়াপদ হোলো
নিজস্ব নিজস্ব বলছে
দুপুরকে গুণ করছে সম্ভাবনা দিয়ে
ঊরু আসে এইভাবে
সহাস্য জোড় এসে বসে ঊরুদের সাথে
লগ থেকে অ্যালগ
রিদম খুলে ফ্যালে হু হু
আর খুব থেকে যায় গদগদে রোমানো হরফ
তাকে কেউ স্তুতি বলে নাকি?
হাত দিয়ে কই হে লিরিকের লতা বলে ডাকে?


৩

আমি তাকে ডাক দেয় খুব
চিহ্ন সঙ্কেত খুলে
আর উঁকি দেয়
স্যালারি স্লিপের পলিলাইন
ওহে চায়নাম্যান
ছবির খাতা থেকে
এক একটা মেলডি       খুঁড়ে ফ্যালো
ডিলিট বলে তাকে আমি
আমিকে দরোয়ান ডাকে
জলবায়ুর অনেকটা স্থায়ী ভেতরে
গেটাউট করে
ঝুলিয়ে দেয় দীর্ঘ অথচ


৪

তুমি থেকে একটাই সিধে রাস্তা
আমাদের বরফ আনার দিন ধরে
চলে যাচ্ছে
আর দেখছি
ফলের বিয়োগে
মরে যাচ্ছে ভাষানো বুধবার
এরপর
টরেটক্কা এলো কবিতায়
ততদিনে ওহো হোলো
স্লো মোশান ---

ফুরিয়ে যাচ্ছে আসবাবের সাদাকালো মাপ


৫

ফলের টেবিল থেকে ঝরে পড়ছে
দুই বাই তিন নীরবতা
জোরে         ফ্ল্যাশব্যাক হোলো
সা বললো
আর
ভাষাবিদায়ের হাত ধরে
ফিরে এলো তেজষ্ক্রিয় চিহ্ন সঙ্কেতের ধুন
সিঁড়িতলার মোরাম

খসে যাওয়া ক্রিয়াপদের নাম
বর্তমান রাখলো কেউ


৬

আঙুল ফিরিয়ে দিচ্ছে
যেকোনো সোমবার
পুরনো পোস্টকার্ডে বিকেল আঁটছে না
তবু দরজায় লাফিয়ে উঠলো হ্যালো
পারদ ক্ষয়ে যাওয়ার কালে
নাহুম নাহুম লাগে সারাদিনের হে
কুঁকড়ে যাওয়া মিস্টার হেডরুম
নীলামের লঘু গায়েহাতে
আলো আলো পায় খুব


৭

আমি মানে এই নভেম্বরটা
গুলিয়ে                                                                                                 
যেকোনো বাক্যরীতি
ফেলে গ্যাছে
তখনের গায়ে
পুরনো স্যালারি
স্লিপ
করছে
এই কাদামাটি পলিমাটি
মিঠে কবিতার ফালতু নুনছাল নিয়ে
গ্রুপফটোর ওম
স্যাঁতস্যাঁতে হয়ে আছে


৮

শীত থেকে
দূরে সরে যাওয়া
                শীতের হাইফেন
কতোটা         লোকাল হোলো
পেট হোলো বেলুনের
তার ভার্টিক্যাল রিডিং
        গ্লাস
                থেকে থেকে
                নেমে আসছে
পোকার স্মৃতির মধ্যে ম্যাপ
কেটে কেটে             এগিয়ে আসছে

মাপে-কাটা-মানুষের যমজ